সওজ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী কারাগারে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

অবৈধ সম্পদ অর্জনের মামলা

ইত্তেফাক রিপোর্ট

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রী নাছিমা জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ২ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর ২৯ মে রমনা মডেল থানায় পৃথক দুইটি মামলা করে দুদক। দুদকের পক্ষে ঐ মামলার বাদী ছিলেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। মামলার এজাহারে বলা হয়, কামরুজ্জামান ১৯৮০ সালে উপসহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরে যোগ দেন। নিয়মিত পদোন্নতির মাধ্যমে ২০১৬ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। একই বছরে তিনি অবসরে যান। কামরুজ্জামান ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তিনি ৩০ লাখ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন। অন্যদিকে, তার স্ত্রী নাছিমা জামানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তিনি একজন গৃহিণী। তার ২ কোটি ৪ লাখ ৪ হাজার ১২৮ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া, তিনি ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। উল্লেখ্য, মামলার এজাহার অনুযায়ী কামরুজ্জামানের চেয়ে তার স্ত্রীর ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৫৩৬ টাকার বেশি অবৈধ সম্পদ রয়েছে।