ডা. তানজিয়া নাহার তিনা
রক্তে অতিরিক্ত সুগার কমাতে, ওজনাধিক্য নিয়ন্ত্রণে কিংবা দীর্ঘদিন সুস্থ থাকার জন্য আজকাল অনেকেই চিনি বাদ দিয়ে দেন দৈনিক খাদ্যতালিকা থেকে। আবার অনেকেই স্বাদ বাড়াতে চিনির পরিবর্তে কৃত্রিম চিনি ব্যবহার করে থাকেন খাবারে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ধারণা, কৃত্রিম সুগার ব্যবহারে রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকছে, পাশাপাশি খাবারে স্বাদও অটুট থাকছে। তবে গবেষণা বলছে ভিন্ন কথা। কৃত্রিম চিনির ব্যবহারে শঙ্কামুক্ত হওয়ার সুযোগ নেই একেবারে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, কৃত্রিম চিনি দীর্ঘদিন সেবনেও হতে পারে ডায়াবেটিস, বাড়তি ওজন, হূদেরাগ ইত্যাদি সমস্যা। এমনকি এর মূল উপাদান অ্যাসপার্টেম থেকে হতে পারে নিউরোপ্যাথি, অস্থিরতা, হজমে সমস্যা, ওজন বৃদ্ধিসহ নানা অসুবিধা। এছাড়া স্যাকারিন-সমৃদ্ধ হওয়ায় কৃত্রিম চিনি অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ ঘটায় এবং প্রয়োজনের চেয়ে বেশি খিদার উদ্রেক হয়। আর তাই ওজন নিয়ন্ত্রণে থাকার পরিবর্তে বেড়ে যায়। তাই যতটা সম্ভব কৃত্রিম চিনির অভ্যাস বদলে ফেলা প্রয়োজন।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
