জাবি সংবাদদাতা
সকল নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালেয়র বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মাহাথির মুহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের অনেকই মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কিন্তু চাকরির আবেদন ফি অতিরিক্ত হওয়ায় তারা আবেদন করতে পারছে না। যদি আবেদন ফি কমিয়ে আনা হয় তাহলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবে।’
কর্মসূচির মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ্জামান বলেন, ‘উন্নত বিশ্বে যেখানে সরকার থেকে বেকারদের ভাতা দেওয়া হয় সেখানে আমাদের দেশে চাকরির পরীক্ষার নামে বেকারদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অনতিবিলম্বে আবেদন ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। সকল ধরনের নিয়োগে আবেদন ফি ২০০ টাকার বেশি নেওয়া যাবে না। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
