বিশেষ প্রতিনিধি
যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস সপ্তাহে এক দিন বেশি চলাচল করবে। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এবং ভারতীয় দূতাবাস থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস সপ্তাহে এক দিন বেশি চলাচল করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন চলাচল করবে। আর বন্ধন এক্সপ্রেস এক দিনের পরিবর্তে সপ্তাহে চলবে দুই দিন। এ বিষয়ে আজ বুধবার রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের সূচি অনুযায়ী মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে শনি, রবি বুধ ও শুক্রবার চলাচল করত। তবে নতুন সূচি অনুযায়ী সপ্তাহের মঙ্গলবারও ঢাকা থেকে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে নতুন সূচি অনুযায়ী এ ট্রেনটি চলাচল করবে। অন্যদিকে ভারত অংশ থেকে ট্রেনটি সপ্তাহের শনি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার চলাচল করবে। এছাড়া বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে বৃহস্পতিবার চলাচল করত। এবার রবিবারও খুলনা ও কলকাতার মধ্যে এই ট্রেনটি চলবে। ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন সূচি কার্যকর হবে।
