স্পোর্টস ডেস্ক
মুম্বাইয়ের ব্যাটসম্যান পৃথ্বী শ ফিরেছেন টেস্ট দলে। কারণ কুঁচকির ইনজুরির কারণে ওয়ানডে তো বটেই, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হবে না রোহিত শর্মার। ওয়ানডেতে রোহিতের বিকল্প হিসেবে রাখা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে পঞ্চম টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়েই মাঠে নেমেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় আর মাঠেই দেখা যায়নি রোহিত শর্মাকে। কারণ ব্যাটিংয়ের সময়ই ইনজুরিতে পড়েন তিনি।
ম্যাচে রোহিত তিন নম্বরে ব্যাট করেন। একটা ছক্কা হাঁকাতে গিয়ে বাঁ পায়ের কুঁচকির ইনজুরিতে পড়েন। এরপরই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। আর মাঠে ফেরা হয়নি। যদিও এর আগে দারুণ স্বাচ্ছন্দ্যেই খেলে গিয়েছেন ৪১ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। ম্যাচের বাকিটা সময় নেতৃত্ব দেন লোকেশ রাহুল।
প্রথমে ইনজুরিটাকে গুরুতর কিছু না মনে হলেও, সিরিজ শেষ হওয়ার দিন দুয়েক বাদে এমআরআই রিপোর্ট থেকে আসলো দুঃসংবাদ। আপাতত, চলতি সিরিজে সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে আর খেলানোর ঝুঁকি নেবে না ভারতের টিম ম্যানেজমেন্ট।
দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে। তারা বলেছে,‘পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় রোহিত শর্মা নিজের কুঁচকির পেশিতে চোট পান। হ্যামিলটনে সোমবার তার এমআরআই করা হয়েছে। সেখান থেকে বোঝা গিয়েছে আসছে ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলা হবে না তার। চোট নিয়ে রোহিতকে আপাতত পাঠানো হয়েছে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।’
টেস্ট দলে রাখা হয়েছে ইশান্ত শর্মাকে। তবে তার দলে থাকাটা নির্ভর করছে চূড়ান্ত ফিটনেস ফিরে পাওয়ার ওপর। দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন এই পেসার। আজ বুধবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।
ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক কোহলি আশাবাদী। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে আসার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে খুবই কঠিন একটা সিরিজ খেলেছি আমরা। প্রথম ম্যাচে হেরে গিয়েও আমরা লড়াইয়ে ফিরেছি। শেষ দুটি ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছি। ঐ সিরিজ থেকে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলারই চেষ্টা করবো নিউজিল্যান্ডের বিপক্ষে। আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে এটাই সবচেয়ে বড়ো ব্যাপার। আমরা জানি, নিউজিল্যান্ডও তীব্র করবে। আমাদের বিষয়টি মাথায় রেখেই মাঠে নামতে হবে।’
ওয়ানডে সিরিজ শুরু আজ
ভারতের টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষাভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি ও ইশান্ত শর্মা (চোট সারার ওপর নির্ভরশীল)।
