চ্যাম্পিয়নশিপ লিগে নতুন দল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের পরই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। এখান থেকে প্রিমিয়ার লিগে উন্নতি হয় এবং প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে আসে। এই চ্যাম্পিয়নশিপ লিগ আগামী ২৮ মার্চ শুরু হবে। এবার এই লিগে দল বাড়িয়ে ১৪টি করা হয়েছে। নতুন দল বেড়েছে দুইটি। উত্তরা ফুটবল ক্লাব অন্যটি ফরটিজ স্পোর্টস একাডেমি লিমিটেড। ফরটিজ আরো আগেই বাফুফের সঙ্গে যুক্ত হয়ে একাডেমি গড়ে তুলতে সহযোগিতা করেছে। বাফুফের যে একাডেমি রয়েছে সেটি ফরটিজের গড়ে তোলা। বাফুফের কর্মকর্তা শওকত আলী খান জাহাঙ্গীর উত্তরা ফুটবল ক্লাব সম্পর্কে বললেন, ‘এই দলটা বেশ ভালো হবে। তারা ফুটবলের জন্য কাজ করবে। বড়ো আকারের জমি নিয়েছে ফুটবলের জন্য।’

লিগ নিয়ে গতকাল দুপুরে বাফুফেতে জরুরি সভা হয়েছে। যেখানে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, লিগ কমিটির কর্মকর্তা আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘১৪টি দল নিয়ে লিগ হবে। দলবদলের সময় বুঝা যাবে কারা দল গঠন করছে।’ দলবদল আগামী ১০ ফেব্রুয়ারি হতে ২০ মার্চ পর্যন্ত। চ্যাম্পিয়নশিপ লিগ হতে দুই দল নেমে যাবে, একটি দল প্রিমিয়ারে খেলবে। বাকি ১২ দল হচ্ছে নোফেল, বিজেএমসি, ফরাশগঞ্জ, টিএন্ডটি, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি এফসি, ওয়ারী ক্লাব, কাওরান বাজার প্রগতি সংঘ, ওয়ান্ডারার্স, স্বাধীনতা ক্রীড়া চক্র।