চম্পকার আশা
স্পোর্টস রিপোর্টার
বল হাতে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। পাকিস্তান সফরে টি-২০ সিরিজে সুবিধা করতে পারেননি। দেশে ফিরে লংগার ভার্সনে বিসিএলের প্রথম রাউন্ডেও উইকেটের দেখা পাননি ১০৬ রান দিয়ে। বাদ পড়েছেন টেস্ট দল থেকেও।
টেস্টে ফিরতে হলে বোলিং অনেক কাজ করতে হবে মুস্তাফিজকে, এমনটা বলেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। যদিও বিসিবির বোলিং কোচ চম্পকা রমানায়েকে মনে করেন, দ্রুতই ছন্দে ফিরবেন মুস্তাফিজ। লঙ্কান এই কোচের মতে, বাঁহাতি এই পেসার নিজেই জানেন তার করণীয় কি।
গতকাল মিরপুর স্টেডিয়ামে মুস্তাফিজের টেস্ট দল থেকে বাদ পড়া প্রসঙ্গে চম্পকা বলেছেন, ‘মুস্তাফিজ কামব্যাক করবে। সে অভিজ্ঞ ক্রিকেটার, আমরা আগেও বলেছি। আশা করি সে বুঝতে পারবে তার কাছ থেকে কি দরকারি। তার কাটার ফিরিয়ে আনবে যেটাতে সে খুব ভালো করেছে। আমি খুবই আশাবাদী যে সে কামব্যাক করবে।’
