পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরানোর কার্যক্রম শুরু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

অবশেষে পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের কারখানা এবং রাসায়নিক পদার্থ মজুতের গুদাম সরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গীতে ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে। গতকাল বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সম্মেলন কক্ষে ক্রয়কারী প্রতিষ্ঠান বিএসইসি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ), বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিটিতে ক্রয়কারী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান খান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ডিইডব্লিউর উপমহাব্যবস্থাপক কমান্ডার নাজমুল ইসলাম,(সি), পিএসসি, বিএন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রকল্পের এলাকা আগামী ১০ দিনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩৫ দিনের মধ্যে প্রকল্পের প্রথমপর্যায়ের কাজটি সম্পন্ন করবে।