পোস্টার, প্রচারে পরিবর্তন চাই

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭

যে কোনো নির্বাচনের প্রচারে পোস্টার একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের দিন পর্যন্ত প্রচার কাজে ব্যবহূত হয় কাগজের পোস্টার। ভোট শেষ হলেই চারদিকে যত্রতত্র ছড়ানো ছিটানো টানানো মানুষের সমস্যার কারণ হয়ে উঠে। কেউ তা অপসারণে এগিয়ে আসেন না। নির্বাচন শেষ হলেই পোস্টারের বিরুদ্ধে পরিবেশদূষণের অভিযোগ ওঠে। প­াস্টিকে মোড়ানো পোস্টার নিয়ে এ অভিযোগ আরো জোরালো। বর্তমান নির্বাচনি প্রচার মাধ্যম অতি পুরাতন। ভোটের প্রচার মানুষের সমস্যা তৈরি করুক তা কেউ চান না। ভোট এলেই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ঝুলিয়ে দেয়ালে পোস্টার লাগানো হয়। পৃথিবীর অনেক দেশে উলি­খিতভাবে পোস্টারে প্রচারণা না চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে পোস্টার দিয়ে আসা হয়। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও পোস্টার লাগানো বা টাঙানো হয় না। আমাদের দেশেও ভোট দিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ব্যালট পেপারের বদলে ভোট দিতে ইভিএম ব্যবহার হচ্ছে। সেইসঙ্গে পরিবেশদূষণ ও চারপাশের সৌন্দর্য ধরে রাখতে পোস্টারে প্রচারণায় পরিবর্তন দরকার। এ প্রচার মাধ্যমেও আধুনিকতা নিয়ে আসা জরুরি। ভোটের সময় প্রার্থী ও সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। এ সময় ভোটারদের হাতে কিংবা ওই বাড়ির নির্ধারিত স্থানে পোস্টার ঝোলানো যায়। এছাড়া জনসমাগমস্থলে নির্দিষ্ট সংখ্যক নির্ধারিত স্থানে পোস্টার লাগানোর ব্যাবস্থা করা যেতে পারে। এতে পরিবেশ রক্ষা হওয়ার পাশাপাশি প্রার্থীদের নির্বাচনি ব্যয়ও কমে আসবে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাই।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া