খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর

৮ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করবে বিএনপি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তিতে ৮ ফেব্রুয়ারি কারা নির্যাতনের প্রতিবাদে ও মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।

যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ওলামা দলের সভাপতি প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও নির্যাতনের প্রতিবাদে আমরা পোস্টার করেছি ও লিফলেট করেছি। এছাড়াও ৭ ফেব্রুয়ারি জুমার নামাজের পরে সারাদেশে মসজিদে মসজিদে খালেদা জিয়ার আরোগ্য লাভ ও মুক্তি চেয়ে দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারাদেশের জেলায় জেলায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হবে।