এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ৩৮

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩২

এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে অদক্ষতা এবং অসচেতনতার কারণে সংঘটিত বিস্ফোরণে এ যাবত্ ৩৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লুত্ফুন নেসা খানের প্রশ্নের লিখিত জবাবে বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের লিখিত জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী জানান, বিগত ৫ বছরে অর্থাত্ ২০১৫ হতে ২০১৯ পর্যন্ত ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্য তিন বার সমন্বয় বৃদ্ধি করা হয়েছে। তবে ২০১৭ সালের মার্চ মাসে একই আদেশে দুই ধাপে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে পুনরায় গ্যাসের মূল্য বৃদ্ধি করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।