কিংবদন্তি চিত্রনায়িকা শাবানার স্বামী এ কে এস ওয়াহিদ সাদিক যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইচ্ছা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবানা, কেশবপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুল হালিম, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস শহীদ, সুমন সাদিক প্রমুখ।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কেশবপুরের উন্নয়নের জন্যই তিনি নির্বাচন করবেন। নির্বাচিত হতে পারলে কেশবপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। তিনি আরো জানান, কেশবপুরে আসার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার অনুমতি নিয়ে এসেছেন। সংবাদ সম্মেলনের পর তিনি বড়েঙ্গা গ্রামে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি বাড়ি সংলগ্ন একটি এতিমখানার উদ্বোধন করেন। চিত্রনায়িকা শাবানা বড়েঙ্গা গ্রামবাসীসহ কেশবপুরের সর্বস্তরের মানুষের কাছে তার স্বামীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এ আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।
