অভিনয়ের প্রতি ভাবনার ভালোবাসাটা ভিন্ন মাত্রার। তাই তো একটি ধারাবাহিক নাটক চলাকালীন সময়ে তিনি অন্য আরেকটি ধারাবাহিকে সাধারণত অভিনয় করেন না। কারণ একটি ধারাবাহিকের চরিত্রটিই সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরতে যথেষ্ট মনোযোগ দরকার। যে কারণে একটি চরিত্রেই নিবেদিত হয়ে ভাবনা অভিনয় করতে ভালোবাসেন। সম্প্রতি ভাবনা অভিনয় শুরু করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘বোকা ভূত’। এটি রচনা ও নির্মাণ করছেন অনিমেষ আইচ। দুই বছর পর অনিমেষ আইচের নির্দেশনায় ভাবনা অভিনয় করছেন পারিবারিক গল্পের নাটক ‘বোকা ভূত’-এ। এতে ভাবনা অভিনয় করছেন নাবিলা চরিত্রে। দুই বছর পর অনিশেষ আইচের পরিচালনায় ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘দুরন্ত টিভিতে প্রচার হবে বিধায় অনেকেরই ধারণা এটি একটি শিশুতোষ গল্পের নাটক। কিন্তু বিষয়টি আসলে তা নয়। বোকা ভূত নাটকের গল্প আমাদের পারিবারিক জীবনের। এই নাটকটি ছোট-বড় সববয়সী দর্শকের নাটক। ভীষণ ভালো লাগছে এই ধারাবাহিকে কাজ করতে। অনিমেষ আইচ একজন মেধাবী নির্মাতা, এটা সবাই জানেন। তাই তাঁর নির্দেশনায় কাজ করা সবসময়ই আমার ভালোলাগে। অনিশেষ তাঁর এই ধারাবাহিকে সববয়সী চরিত্রের সমন্বয় ঘটিয়েছেন। আমার বিশ্বাস দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হয়ে ওঠবে’।
আগামী এপ্রিলে ‘বোকা ভূত’ নাটকটি ‘দুরন্ত’ টিভিতে প্রচার শুরু হবে। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় একটি একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটকের শুটিং করবেন ভাবনা। এছাড়াও তারও আগে তিনি শামীম ও মাহবুবার নির্দেশনায় তিনি আরো দুটি ভিন্ন নাটকের কাজে অংশ নিবেন। ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্রে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। এতে তার বিপরীতে ছিলেন পরমব্র্রত। চলচ্চিত্রটিতে ভাবনার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। এদিকে গত দুই বছরের মতো এবারের বইমেলাতেও আসছে জনপ্রিয় অভিনেত্রী ভাবনার তৃতীয় উপন্যাস ‘গোলাপী জমিন’। বইটি প্রকাশিত হবে ‘তাম্রলিপি’র ব্যানারে।
