নাজিয়া হাসান অদিতি পেশায় একজন উদ্যোক্তা। শুধু তাই নয়, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। ছোটবেলা থেকেই নিজের ডিজাইন করা পছন্দের পোশাক পড়তেন। সেই থেকে একটু একটু করে মনের মধ্যে স্বপ্ন বুনছিলেন নিজের মতো করে একটি প্রতিষ্ঠান গড়ার। সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। প্রতিষ্ঠা করেছেন ফ্যাশন হাউজ ‘অদ্রিয়ানা এক্সক্লুসিভ’। সেইসঙ্গে অদিতি প্রথমবারের মতো গল্প লিখেছিলেন গত বছরের ভালোবাসা দিবসে ‘তুমি বললে’ নাটকের জন্য। অপূর্ব ও সাফা কবির অভিনীত সেই নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারবাহিকতায় চলতি বছরের ভালোবাসা দিবসেও দুটি নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি। দুটি নাটকেই জুটি বেঁধে অভিনয় করবেন ‘বড় ছেলে’ খ্যাত অপূর্ব ও মেহজাবিন জুটি। এরমধ্যে ‘চারুর বিয়ে’ শিরোনামের গল্পে নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। ‘রুদ্র আসবে বলে’ শিরোনামের এই নাটকটি নির্মাণ করবেন মাহমুদুর রহমান হিমি। নাটক লেখা প্রসঙ্গে নাজিয়া হাসান অদিতি বলেন, ‘দুটি গল্প একেবারেই ভিন্ন ঘরানার এবং আলাদা। আমি তো সবসময় গল্প লিখি না। মাঝেমধ্যে লিখি, যখন সময় পাই।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং বিজনেস উইমেন সেহেতু এদিক সামলে গল্প লিখার মতো ওরকম সময় পাই না। এছাড়া আমার স্বামী, সংসার ও সন্তান সবকিছু সামলে যতটুকু পারি চেষ্টা করি। কিন্তু আমার ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস রয়েছে। আমার লিখতে অনেক ভালো লাগে। মাঝেমাঝে আমার মাথায় অনেক গল্প চলে আসে। চারপাশে যখন তাকাই তখন অনেক কিছুই দেখতে পাই, অনেকের গল্প দেখতে পাই—সেগুলো থেকেই অনুপ্রাণিত হই কিছু লিখার। এজন্য যা ভাবি সেটাই লিখি। এখন টুকটাক লিখছি, তবে সামনে ইচ্ছে আছে নিয়মিত গল্প লেখার। যখন একদম অবসর হয়ে যাব, আমার ছেলে বড় হয়ে যাবে তখন যেন গল্প লিখে সময় কাটাতে পারি। এখন যেভাবে আছি সেভাবেই থাকতে চাই।’ লেখালাখির পাশাপাশি কখনো অভিনয়ে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এক গাল হেসে অদিতি বলেন, ‘আমি অনেক লাজুক। ক্যামেরার সামনে তো আরও বেশি লাজুক। তবে মানুষকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তাই অভিনয়ে আসার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।’
