ভোলায় হাজারো দর্শক-শ্রোতাকে মুগ্ধ করলেন চলচ্চিত্র তারকারা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬

ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তীর দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শক-শ্রোতাকে মুগ্ধ করলেন বাংলা চলচ্চিত্রের তারকা শিল্পী শাকিব খান, রিয়াজ, মৌসুমী, পপি, সায়মন সাদিক ও তমা মির্জা।           

গত ১ ফেব্রুয়ারি দুপুরে চরফ্যাশন সরকারি কলেজ মাঠে  কয়েক হাজার দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো শিল্পীদের সংগীত ও নৃত্য উপভোগ করেন। দর্শক-শ্রোতার মধ্যে অনেকেই আসেন স্বপ্নের তারকাদের নিজ চোখে দেখতে।

শুরুতেই মঞ্চে আসেন নায়ক রিয়াজ, এরপর আসেন মৌসুমী। রিয়াজ মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ গানটি গান এবং মৌসুমী গানের সঙ্গে নৃত্য উপহার দেন।

এরপরেই মঞ্চে ওঠেন চিত্রনায়িকা পপি। সহ-শিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।

শাকিব খান তার পরিবেশনা শেষে বলেন, ‘এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে।’ এ সময় কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান তিনি। এছাড়াও মঞ্চে পারফর্ম করেন সায়মন সাদিক ও তমা মির্জা।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতা এম এম নজরুল ইসলাম এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে ২৪ বছর দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাহিত্যিক কায়ছার আহম্মেদ দুলাল।

অভিনেতা সাইমন সাদিক তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এখানে শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ পেয়েছি।’

তমা মির্জা বলেন, ‘প্রোগ্রামে প্রচুর মানুষ উপস্থিত ছিল। আমি এখানে পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত।’