জুতা ও ব্যাগ রপ্তানির বাজার ধরতে ৪ শতাংশ হারে ভর্তুকি ঘোষণা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি জুতা ও ব্যাগ রপ্তানির বিপরীতে ভর্তুকির ঘোষণা দিয়েছে সরকার। রপ্তানির নতুন বাজার তৈরি ও সম্প্রসারণে ৪ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে। বর্তমানে এ খাতের রপ্তানিকারকরা ১৫ শতাংশ নগদ প্রণোদনা পেয়ে আসছেন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিনথেটিক ও ফেব্রিক্সের জুতা ও ব্যাগ রপ্তানিতে শুল্ক বন্ড, ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে ১৫ শতাংশ হারে নগদ প্রণোদনার সুবিধাটি অব্যাহত থাকবে। কিন্তু পণ্যর নতুন রপ্তানি বাজার ধরতে ও সম্প্রসারণে পণ্য তৈরিতে ব্যবহূত উপকরণ সংগ্রহে শুল্ক বন্ড, ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করা হলে ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। অর্থাত্ পণ্যর নতুন বাজার তৈরি বা সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায়ীরা এই ভর্তুকি পাবেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশে কার্যকর করতে সকল তপশিলি ব্যাংকে পাঠানো হয়েছে। গত অর্থবছরে সরকার ৩৫টি পণ্যের বিপরীতে নগদ প্রণোদনা দিয়েছিল। চলতি অর্থবছরে এই সংখ্যা ৩৭ এ উন্নীত করেছে।

প্রসঙ্গত, রপ্তানিতে উত্সাহ বৃদ্ধিতে সরকার প্রতিনিয়ত বিভিন্ন সুবিধা দিয়ে আসছে ব্যবসায়ীদের। এবার সিনথেটিক ও ফেব্রিক্সের মিশ্রণে তৈরি জুতা ও ব্যাগ রপ্তানিতে অতিরিক্ত ৪ শতাংশ ভর্তুকি দিল। ফলে এ খাতের ব্যবসায়ীরা রপ্তানি পণ্য মূল্যের বিপরীতে মোট ১৯ শতাংশ হারে প্রণোদনা পাবে।