কারিগরি শিক্ষার প্রসার ঘটান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫

উন্নত দেশ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশে কারিগরি শিক্ষা নানা সমস্যায় জর্জরিত। বর্তমান সরকার শিক্ষাবান্ধব হিসেবে পরিচিত হলেও কারিগরি শিক্ষা রয়ে গেছে আলোর বাইরে। সাধারণত সভা, সেমিনার ও বক্তৃতায় কারিগরি শিক্ষা যতটা গুরুত্ব পায়, বাস্তবে তার অগ্রগতি খুবই কম। বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমানো কর্মীরা সেখানে হাড়ভাঙা পরিশ্রম করেন; কিন্তু তাদের কারিগরি শিক্ষা না থাকায় তাদেরকে অদক্ষ বা আদা-দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে তারা তাদের শ্রমের  উপযুক্ত মূল্য পাচ্ছে না। কিন্তু তাদের কারিগরি শিক্ষা থাকলে তারা একই পরিশ্রমে উপযুক্ত মূল্য পেত, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখত। বর্তমান কারিগরি শিক্ষাকেন্দ্রে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব, ল্যাব সুবিধার অভাব, ল্যাবে যন্ত্রপাতির অভাব ও দক্ষ  মনিটরিংব্যবস্থার অভাব এবং নিরাপদ আবাসনের অভাব। এসব সমস্যার সমাধান করতে পারলে কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ কেবল বেকারত্ব মুক্তই হবে না, বরং দেশের মানুষ দক্ষ জনশক্তিতেও রূপান্তরিত হবে। দেশে মানসম্মত  কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোসহ কারিগরি শিক্ষায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নুরুজ্জামান মাহমুদ বায়জিদ

শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়

 

 

০