দেশের বাইরেও কার্যকর হতে চান মিরাজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

হ্যামস্ট্রিংয়ের টান ছিল। সেরেও উঠেছিল অনেকটা। কিন্তু আঙুলের চোটটা সেরে উঠেনি পুরো। ইনজেকশন নিয়েছেন। তারপরও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মাঠে নামতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তরুণ এ অফস্পিনারকে পেতে ওয়ালটন মধ্যাঞ্চলের অপেক্ষা তাই বেড়েছে। ইনজুরির এ ধাক্কায় টেস্ট দল থেকেও বাদ পড়েছেন মিরাজ। টি-২০ দল থেকে আগেই বাদ পড়েছিলেন।

তবে এবার টেস্ট দল থেকে তার বাদ পড়া শুধু ইনজুরির কারণে নয়। বেশ কয়েক টেস্ট ধরেই দেশের বাইরে মিরাজের বোলিং পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। পাকিস্তান সফরের টেস্ট দল নির্বাচনে নির্বাচকরা গুরুত্ব দিয়েছেন এ বিষয়টি। ফিট থাকলেও পাকিস্তান সফরে সুযোগ হতো না মিরাজের। বিদেশের মাটিতে অকার্যকর বোলিংয়ের কারণে বাদ পড়তেন এ অফস্পিনার।

ক্যারিয়ারে মোট ২২ টেস্ট খেলেছেন মিরাজ। যার মধ্যে দেশের মাটিতে ১১ টেস্টে ৬১ উইকেট নিয়েছেন। দেশের বাইরে ১১ টেস্টে ২৯ উইকেট, বোলিং গড় ৫৭.৬৮। ইকোনমিও প্রায় চার (৩.৯২)। ভারতের মাটিতে তিন টেস্টে তার উইকেট ৩টি। নিউজিল্যান্ডে তিন টেস্টে ৬টি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে দুটি করে টেস্ট খেলে ১০ উইকেট করে পেয়েছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকায় এক টেস্ট খেলে উইকেটশূন্য ছিলেন এ তরুণ। পারফরম্যান্সের এই বিশ্লেষণই সাদা পোশাকে বিদেশের মাটিতে তার খেলার সম্ভাবনা কমিয়েছে।

ইনজুরি কাটিয়ে বিসিএল দিয়ে মাঠে ফেরার আশা করছেন মিরাজ। গতকাল দেশের বাইরে বোলিংয়ে বিবর্ণ রূপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, কন্ডিশন অনেক সময় পক্ষে থাকে না। তবে বিষয়টা নিয়ে কাজ করছেন তিনি। বিদেশেও ভালো করার আশায় আছেন তিনি। গতকাল মিরাজ বলেছেন, ‘দেশের বাহিরে যখন যাই তখন কন্ডিশন অনেক সময় পক্ষে থাকে না। দেশের মাটিতে উইকেটে হেল্প থাকে, ওখানে থাকে না। আমি এইটা নিয়ে কাজ করছি। যে কোচ আছে সোহেল স্যার, ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও কথা বলেছি। আশা করি সামনে অবশ্যই ভালো হবে।’

স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে ভারত সফরে পেয়েছিলেন মিরাজ। সাবেক এ বাঁহাতি স্পিনারের সঙ্গে বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে কাজ করেছেন জানিয়ে এ তরুণ বলেন, ‘ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে বৈচিত্র্য নিয়ে কাজ করেছি। আসলে ও দেখেছে ঘুরিয়ে-ফিরিয়ে কীভাবে করলে ভালো হয়। সোজা করলে ভালো হয় নাকি অ্যাঙ্গেল করলে ভালো হয়। আমাদের সঙ্গে ও তো বেশিদিন কাজ করেনি কিন্তু যতদিন করেছে দেখেছে কীভাবে করলে ভালো হয়।’

আঙুলের চোট কাটিয়ে ১ সপ্তাহের মধ্যে পূর্ণ ফিট হওয়ার আশা করছেন মিরাজ। গতকাল বলেছেন, ‘বোলিং শুরু করেছি, আমি আশা করি যে হয়তো বিসিএলের পরবর্তী ম্যাচ খেলতে পারব না। পুরোপুরি ফিট হয়ে ১ সপ্তাহের মধ্যে ফিরতে পারব।’ বিসিএলের তৃতীয় রাউন্ডে খেলবেন ২২ বছর বয়সি এই অফস্পিনার। তিনি বলেছেন, ‘আপাতত বিসিএলের ম্যাচ খেলব। তারপর পরের সিরিজে নির্বাচকরা বিবেচনা করবে যদি আমি শতভাগ ফিট হই। বিসিএলের তৃতীয় রাউন্ড দিয়েই আমি খেলা শুরু করব ইনশাআল্লাহ্।’

পূর্ণ ফিট হয়েই মাঠে নামতে চান মিরাজ। জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর পরামর্শ অনুযায়ী ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি।