রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের ভারত-বধ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে যেভাবে আধিপত্ত ধরে রেখে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ভারত, তাতে মনেই হচ্ছিল না যে ওয়ানডে সিরিজে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়াবে। কিন্তু, মাঠের লড়াই শুরু হওয়া মাত্রই বদলে গেল দৃশ্যপট।

প্রথম ওয়ানডেতে গতকাল হ্যামিল্টনের সেডন পার্কে ভারতকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ভারতের দেওয়া ৩৪৭ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড ১১ বল বাকি থাকতেই পৌঁছে যায়। টম ল্যাথামের দল জিতে যায় চার উইকেটে।

আর এই জয়ে একগাদা রেকর্ডে নিজেদের নাম নতুন করে লিখেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দল তাদের ওডিআই ইতিহাসে সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জিতল। এর আগে নিউজিল্যান্ড ৩৪৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতের বিপক্ষে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে অস্ট্রেলিয়া দল ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করে জয়লাভ করেছিল। গেল বছর সেই ঘটনাটি ঘটে ভারতের মোহালিতে।

নিউজিল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বর্ষীয়ান ব্যাটসম্যান রস টেলর। কেন উইলিয়ামসন খেলছেন না সিরিজের অন্তত প্রথম দুই ম্যাচে।। তবে কেন উইলিয়ামসনের অভাব পুরোটাই ঢেকে দিলেন টেলর। সেঞ্চুরির দারুণ ইনিংস উপহার দিয়ে গেলেন তিনি। তাকে যোগ্য সহায়তা করলেন ওপেনার হেনরি নিকোলস (৮২ বলে ৭৮) ও কেন উইলিয়ামসনের পরিবর্তে অধিনায়ক হওয়া টম ল্যাথাম (৪৮ বলে ৬৯)।

রস টেলর শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন। মাত্র ৮৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও চারটি ছক্কা। ম্যাচের সেরাও তিনি। ভারতের বিখ্যাত বোলিং লাইনআপ এদিন চূড়ান্ত ব্যর্থ হয়।

টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত গতকাল এক সঙ্গে দুই ওপেনারের অভিষেক করায়। তবে স্কোর বোর্ডে হাফ সেঞ্চুরি তুলতে না তুলতেই ফিরে গিয়েছিলেন পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়াল। সেই সময় দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও বিরাট কোহলি। তৃতীয় উইকেটে কোহলি-শ্রেয়াস আইয়ার শতরানের জুটি গড়েন। এরপরে কোহলি হাফ সেঞ্চুরি করে ফিরে গেলেও শ্রেয়াস আইয়ার ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান।

৪৩ তম ওভারে শ্রেয়াস নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ঠিক ১০১ বলে। কোহলি (৫১) ফিরে যাওয়ার পরে লোকেশ রাহুলের সঙ্গেও চতুর্থ উইকেটে সেঞ্চুরির জুটিতে দলের বড়ো রান তোলা নিশ্চিত করেন তিনি।

যদিও এদিন ভাগ্যের সহায়তাও পেয়েছেন শ্রেয়াস। ব্যক্তিগত ৮১৫ এবং ৮৩ রানের মাথায় ক্যাচ তুলে সুযোগ দিয়েছিলেন তিনি। তবে ব্ল্যাক ক্যাপরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। পরে আইয়ারকে সাজঘরে ফেরান স্যান্টনার।

১০৭ বলে ১০৩ রান করেন তিনি। কেদার যাদবের সঙ্গে পঞ্চম উইকেটে কে এল রাহুল দলকে ৩৪৭ রান পর্যন্ত পৌঁছে দেন। রাহুল ও কেদার যাদব শেষ পর্যন্ত যথাক্রমে ৮৮ ও ২৬ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী ৮ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শেষ দুই ম্যাচ। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।