খেলোয়াড় হিসেবে ছয় বার পাকিস্তান সফর করেছেন। এখানে ছয়টি টেস্ট ও ২১টি ওয়ানডে খেলেছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক রিচি রিচার্ডসন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টেস্টে আবার ফিরছেন তিনি পাকিস্তানে। এই টেস্টে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ডসন। তার সঙ্গে অনফিল্ড দুই আম্পায়ার হিসেবে থাকবেন নাইজেল লং ও ক্রিস গ্যাফানি। আর টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমুস। এ ছাড়া চতুর্থ আম্পায়ার থাকবেন শোজাব রাজা। এর মধ্যে ২০১৭ সালে ম্যাচ কর্মকর্তা হিসেবে পাকিস্তানে গিয়েছিলেন রিচার্ডসন। সেবার আইসিসি বিশ্ব একাদশের ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি লাহোরে। ওটাই পাকিস্তানে কর্মকর্তা হিসেবে তার প্রথম সফর। গ্যাফানি ও ইরাসমুস এই প্রথম পাকিস্তান সফরে গেছেন।
