ভারতের আলোচিত প্যারামেডিক শিক্ষার্থী নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি অক্ষয় ঠাকুরের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।এই নিয়ে দণ্ডিতদের মধ্যে তিন জনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি। খবর এনডিটিভি'র।
বুধবার নির্ভয়া হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের সমস্তরকম আইনি প্রক্রিয়া শেষ করতে এক সপ্তাহ দেয় দিল্লি হাইকোর্ট, পাশাপাশি নিম্ন আদালতকে সাজা কার্যকরের প্রস্ততির নির্দেশ দেয়। নিম্ন আদালত ফাঁসির ওপর অনর্দিষ্টকালের যে স্থগিতাদেশ দিয়েছিল, তার প্রেক্ষিতে কেন্দ্রের আবেদনে এই নির্দেশ দিল আদালত।
এর আগে নির্ভয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের আদালত ২২ জানুয়ারি মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ সব আসামির ক্ষমা প্রার্থনার উত্তর আসার আগ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরে অপারগতা জানায়। ফলে মৃত্যুদণ্ড কার্যকরের দিন পিছিয়ে যায় এবং ১ ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়। কিন্তু শেষ মুহূর্তে আসামিরা আদালতের দ্বারস্থ হওয়ার সেটিও পিছিয়ে যায়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুড়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পুরো ভারত। এই ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। আগামী ১ ফেব্রুয়ারি তাদের ফাঁসির রায় কার্যকর হবার কথা রয়েছে।
