বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনার তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষাকেদ্রের মাঠ দখল করে এক ঠিকাদার রাস্তা তৈরির নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। সরেজমিনে বুধবার দেখা গেছে, ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষাকেন্দ্রের মাঠ জুড়ে বালু ও পাথর রাখা হয়েছে। পরীক্ষার্থীরা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না।
একাধিক শিক্ষার্থী জানায়, নির্মাণসামগ্রী পরিবহনের জন্য ব্যবহূত ট্রাকের শব্দে কিছু শোনা যায় না। এমনকি পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেও এসব কাজ বন্ধ করা হয় না। এজন্য কেন্দ্রে এসে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরাও করতে পারছে না।
ঠিকাদার বাদশা মিয়া বলেন, রাস্তার কাজ চলছে, এ জন্য বালু ও পাথর মাঠে রাখা হয়েছে। দুই-এক দিনের মধ্যে এগুলো সরিয়ে নেওয়া হবে।
মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হারুন অর রশিদ বলেন, মাঠে নির্মাণসামগ্রী রাখার জন্য আমি দুঃখিত। ডিসেম্বর মাসের মধ্যে মাঠে রাখা বালু ও পাথর সড়িয়ে নেওয়ার কথা থাকলেও ঠিকাদার তা নেননি। এজন্য পরীক্ষা নিতে কিছুটা সমস্যা হচ্ছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বলেন, বালু ও পাথরের জন্য আমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যেতে পারিনি। কেন্দ্র সচিব বলেন, মাদ্রাসার নিজস্ব সাইক্লোন ভবন নির্মাণ হবে বলে জানতে পেরে কিছু বলিনি। কিন্তু পরে জানতে পারলাম এগুলো ঠিকাদারের ব্যক্তিগত। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
