চলছে এসএসসি পরীক্ষা
পিরোজপুর অফিস
এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঝুঁকি ও অপ্রীতিকর ঘটনারোধে দেশের সব কোচিং সেন্টার বা অতিরিক্ত ক্লাস ও প্রাইভেট কোচিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত পিরোজপুরে যেনো অকার্যকর। জেলা শহরের বিভিন্ন স্থানে ১৫টির অধিক কোচিং সেন্টার প্রকাশ্যে ও গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে কোচিং সেন্টারে শিক্ষকরা কোচিং না বলে, প্রাইভেট বলে কোচিংয়ে ক্লাস চালাচ্ছে নিয়মিত। এছাড়া বিদ্যালয়গুলোতেও অতিরিক্ত ক্লাসের নামে বিদ্যালয়ের শিক্ষকরাও এসএসসি পরীক্ষার দিন নিয়মিত সকালে এবং পরীক্ষার পরে বিকালে বিদ্যালয়ের ক্লাস রুমেই কোচিং করাচ্ছেন।
শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকার কথা থাকলেও পিরোজপুর শহরের মধ্যরাস্তা, আদর্শপাড়া, উকিলপাড়া, রাজারহাট, কলেজ রোড, শিকারপুর, কালিবাড়ী সড়ক, সিআইপাড়া, নড়াইলপাড়া, বসন্তপুল সড়কসহ বিভিন্ন কোচিং সেন্টারে সকাল ৬টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পড়ানো হয়। এছাড়া কোচিং সেন্টারের শিক্ষকরা বর্তমানে তাদের শিক্ষার্থীদের নিজেদের বাসায় নিয়ে প্রাইভেট টিচিং বলে কোচিংয়ের কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া কোচিং নীতিমালা উপেক্ষা করে সরকারি বিদ্যালয়ের অনেক শিক্ষক বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ বিভিন্ন স্থানে কোচিং ক্লাস পরিচালনা করে আসছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, এসএসসি পরীক্ষার সময় সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশ উপেক্ষা করে যারা কোচিং সেন্টার বা প্রাইভেট টিচিং দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
