হবিগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ শহরের ওসমানী রোডে টেকাদিঘি অটো ও বয়লার মিলে বিস্ফোরণে বয়লার ফায়ারম্যান নাছির মিয়া (৩৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে শ্রমিকসহ আরো ছয় জন। বিস্ফোরণে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আব্দুল কাদিরকে (৩৯) আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের ওসমানী রোড টেকাদিঘির মার্কেটে অবস্থিত ধান সিদ্ধ দেওয়ার বয়লার মিলে এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিসের লিডার ফজল মিয়ার নেতৃত্বে দমকল বাহিনীর টিম ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
