বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
‘মুজিববর্ষ-পল্লী বিদ্যুতের সেবা বর্ষ’, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত্’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুত্ সমিতি তিন শতাধিক উঠান বৈঠক করেছে। সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, খুলনা পল্লী বিদ্যুত্ সমিতিতে কোনো দুর্নীতি থাকবে না, কমানো হবে সব ধরনের দুর্ঘটনা। সেই সঙ্গে বন্ধ হবে ট্রান্সফরমার ও তার চুরি।
বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়নে ১৫০টি ও দাকোপের নয় ইউনিয়নে দুই শতাধিক উঠান বৈঠক করা হয়েছে। জলমা, গঙ্গারামপুর, সুরখালী, ভান্ডারকোট, দাকোপের বারুইখালী আশ্রয়ন প্রকল্প, পানখালী, বাজুয়া, তিলডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রাহকসেবায় পল্লী বিদ্যুতের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রাহকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তাত্ক্ষণিক সমাধান দেওয়া হয়।
