g ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর তুরাগে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। র্যাব দাবি করেছে, নিহত কানা শহীদ চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে তুরাগ, উত্তরা, টঙ্গীসহ বেশ কয়েকটি থানায় ৩০টি মামলা রয়েছে। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান জানান, বুধবার ভোর রাতের দিকে তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযানে যায়। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পালটা গুলি ছুড়লে উভয়ের মধ্যে একাধিক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উভয় পক্ষের গুলিবিনিময়কালে শহীদ হোসেন ওরফে কানা শহীদ নিহত হয়। এ ঘটনায় র্যাবের সিপাহি মো. ইব্রাহীম আহত হন। পরে আহত র্যাব সদস্যকে উদ্ধার করে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সা করা হয়েছে। এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুটি পিস্তল, দুটি ওয়ানশুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে।
