পিএসসিতে মালদ্বীপ সিভিল সার্ভিস কমিশনের সভাপতি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

 ইত্তেফাক রিপোর্ট

মালদ্বীপ সিভিল সার্ভিস কমিশনের সভাপতি ড. আলী শামীম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক-এর সঙ্গে সাক্ষাত্ করেছেন। মঙ্গলবার বিকালে সফররত মালদ্বীপের সিভিল সার্ভিস কমিশনের সভাপতি পিএসসি ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মৃত্যুঞ্জয়ীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বাংলাদেশ ও মালদ্বীপের পাবলিক সার্ভিস কমিশনের দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাত্কালে সভাপতি ড. আলী শামীম জুলাইয়ে সার্ক-পাবলিক সার্ভিস কমিশনসমূহের অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণের জন্য পিএসসির চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান। উভয় দেশের পাবলিক সার্ভিস কমিশনের সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন মালদ্বীপের হাইকমিশনার আইসাথ শান সাকির এবং হাইকমিশনের প্রথম সচিব আহমেদ ফাজিল এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য, সচিবসহ অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।