ঘোড়াঘাটে শিশু অপহরণ ও হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০

দিনাজপুরের ঘোড়াঘাটে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে চার বছরের শিশু পরশ সাহাকে অপহরণ ও হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এক জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন।  ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ঘোড়াঘাট উপজেলার কাদিরনগর গ্রামের এহিয়া হোসেনের ছেলে জিল্লুর রহমান ও তার ভাই জুয়েল ইসলাম, কামালউদ্দীনের ছেলে মামুনুর রশিদ মামুন, মো. মাহবুবুর রহমানের ছেলে হুমায়ুন কবীর সাগর ওরফে বুলেট ও ফিরোজ কবীর। আদালত মামলার চার্জশিটভুক্ত অপর ছয় জনকে বেকসুর খালাস দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১১ নভেম্বর উপজেলার কাদিমনগর গ্রামে নিজ বাড়ির কাছে খেলা করার সময় আসামিরা শিশু পরশকে অপহরণ করে এবং পিতা কেশব চন্দ্র সাহার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে ঘোড়াঘাটের কাজিপাড়া কবরস্থানের পাশে আমবাগানে শিশুটিকে হত্যা করে ফেলে রাখে।