সিটি করপোরেশন নির্বাচনে প্রদত্ত ভোট গণতন্ত্রের জন্য অশনিসংকেত দাবি করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচনে যে ভোট পড়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের স্বার্থে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। ভোটাররা কেন ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলছে সেটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ মন্তব্য করেন। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ ও সংরক্ষিত সংসদ সদস্য লুত্ফুন নেছা খান এবং বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তী প্রমুখ।
পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা বলেন, সম্প্রতি সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে যা হয়েছে তা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত।
পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আগে সংসদের একটি খবরে পুরো দেশে আন্দোলন হতো। তিনি জাতীয় সংসদের খবরগুলো গুরুত্বের সঙ্গে দেশের মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান।
