ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক (অপসারিত) কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের স্ত্রী ফারহানা আহম্মেদ ওরফে বৈশাখীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সাঈদের অবৈধ সম্পদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে।
গতকাল বুধবার কমিশন থেকে তার কাছে নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার স্বাক্ষরিত ঐ তলবি নোটিশে তাকে আগামী ১১ ফেব্রুয়ারি সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২০ নভেম্বর সাঈদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেন। ঐ মামলার বাদি ছিলেন দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার। ঐ মামলার তদন্তের স্বার্থে তাকে তলব করা হয়েছে।
