রোহিঙ্গা সংকট

চীনের আপত্তিতে সিদ্ধান্ত নিতে ব্যর্থ নিরাপত্তা পরিষদ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৪

আবারো মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে চীন। এ কারণে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধের বিষয়ে অভিন্ন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী পদক্ষেপের আদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে স্থায়ী সদস্য চীন এবং অস্থায়ী সদস্য ভিয়েতনামের বিরোধিতায় যৌথ বিবৃতি দেওয়ার বিষয়ে একমত হতে পারেনি নিরাপত্তা পরিষদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিকের বরাত দিয়ে আলজাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে আইসিজের নির্দেশনা সত্ত্বেও রাখাইনে হত্যা ও দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে মিয়ানমার। রাখাইন  রাজ্যে আবারো ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। মিয়ানমারের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান নরওয়েভিত্তিক টেলিনর গ্রুপ সোমবার এক বিবৃতিতে বলেছে, মিয়ানমারের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় রাখাইন ও চিন রাজ্যের পাঁচটি শহরে তিন মাসের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।