চালককে হত্যার পর মিশুক ছিনতাই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৬

কদমতলী এলাকায় মিশুক ড্রাইভারকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে। তারা চার বন্ধু। পরে মিশুকটি তারা বিক্রি করে টাকা ভাগাভাগি করেছে। নিহতের নাম রাসেল বেপারী (২১)। তার বাবা মোহাম্মদ শহীদ বেপারী। গ্রাম সুতারপাড়া দোহার। 

গত সোমবার সকালে বাসা থেকে বের হয়ে রাসেল আর ফেরেনি। বেলা তিনটায় অন্য একটি মোবাইল  থেকে রাসেল তার বাবাকে ফোন করে বাড়ির নম্বর জানতে চায়। কথা বলার মধ্যেই লাইনটি কেটে যায়। তারপর থেকে রাসেলের আর খোঁজ মেলেনি। পরদিন রাত ৯ টার দিকে পুলিশ মেডিক্যাল রোডে ডায়াবেটিক হাসপাতালের পাশে একটি নির্মাণাধীন বাড়ির নিচতলার সেফটিক ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে গিয়ে তার বাবা লাশ শনাক্ত করেন।