গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে উচ্ছেদকৃত অংশে পুনরায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। দ্বিতীয় দিনের অভিযানে কাঁচাপাকা ৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে টঙ্গী বাজার এলাকায় এ অভিযান শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, যেসব স্থাপনার উচ্ছেদ করা হচ্ছে সেগুলো আগেও উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের পর সেগুলো পুনরায় দখলে নিয়ে যায় এক শ্রেণির দখলদাররা। টঙ্গী বাজার এলাকা থেকে শিল্পনগরীর দিকে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সবগুলোই উচ্ছেদ করা হবে।
গতকাল অভিযানের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে এরই মধ্যে একটি তিনতলা পাকা মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১৩ হাজার টাকা। উদ্ধার করা হয়েছে শূন্য দশমিক পাঁচ একর জায়গা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টঙ্গী ব্রিজ থেকে পুনরায় অভিযান শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম।
