পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে ধর্ষণ চেষ্টার সময় এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেয়া হয়েছে। পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে ২৫ বছর বয়সী এক নারীর ঘর ভেঙ্গে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত ওই ব্যক্তি। পরে ওই নারী রান্না ঘর থেকে একটি ছুরি এনে অভিযুক্ত ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেন। ভুক্তভোগী ওই নারী জানান, ঘটনার দিন তিনি বাড়িতে একাই ছিলেন।
এদিকে অভিযুক্ত ২৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ফয়সালাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অবস্থার উন্নতি হলে অভিযুক্ত ব্যক্তিকে ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিভিন্ন মানবাধিকার সংস্থার দেয়া তথ্যমতে, পাকিস্তানে প্রতিবছর কয়েকশত ধর্ষণের ঘটনা ঘটে। তবে আইন দুর্বল থাকায় দেশটিতে ধর্ষকদের উপযুক্ত শাস্তি হয়না। এদিকে ধর্ষিত হয়েও লজ্জার কারণে পাকিস্তানের অনেক নারী পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাননা।
এই বিষয়ে পাকিস্তানের নারী অধিকার সংস্থা দ্য অওরাতের প্রতিষ্ঠাতা ডক্টর ফারজানা বারি বলেন, এটা খুব বাজে পরিস্থিতি। এখানে বেশিরভাগ নির্যাতিতদের আইনগতভ এবং সামাজিকভাবে দোষারোপ করা হয়।
ইত্তেফাক/এআর
