মুজিবসমগ্র

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৪

ধন্য তুমি পিতা

 

বাংলার আকাশ তুমি, শান্ত দিঘি স্নিগ্ধ সরোবর

তোমার অমর কীর্তি কালজয়ী শেখ মুজিবর,

কে ভোলে তোমার নাম, তুমি আছো মাটি জলে ঘাসে

তোমার নাম লেখা রবে মুক্তির নব ইতহাসে;

তেরো শত নদী তুমি, তুমি এই বঙ্গোপসাগর

বাংলার হূদয় তুমি, ধন্য তুমি শেখ মুজিবর।

বাংলার শ্যামল প্রকৃতি তুমি, ধন্য তুমি পিতা

বুকজুড়ে বাংলাদেশ, তুমি এই বাংলা কবিতা,

ভোরের পাখির গানে তোমারই কণ্ঠ শোনা যায়

তোমারই নাম বেজে ওঠে পদ্মা মেঘনা যমুনায়;

একুশের মিছিলে তুমি হাতে হাতে বাংলা অক্ষর

হূদয়ে হূদয়ে তুমি, ধন্য তুমি শেখ মুজিবর।

 

 

আমি কেন মুজিবের কথা বলি

 

আমি কেন মুজিবের কথা বলি, জানে এই ব্যথিত

                                       গোলাপ,

ব্যাকুল অস্থির জ্যোত্স্না, ভোরের শিশির,

জানে এই কাতর করুণ ঝরা পাতা, উদ্দাম

                                       পলাশ,

আমি দেখেছি এই মানচিত্রে ভরা এ রক্ত, বাকরুদ্ধ হয়ে পড়ে

                                       সংবিধান

আমার দুচোখে নেমে আসে অনিঃশেষ অশ্রু বন্যা,

নিদ্রাহীন রাতের পাখির মতো আমি তাই

                                       ঘুরে ঘুরে ডাকি।

আমি কেন মুজিবের কথা বলি, জানে বর্ষার সজল।

                                       মেঘ, পদ্মার উচ্ছল ইলিশ

মুজিব আমার সেই শিশুর প্রথম শেখা মাতৃভাষা, সেই

                                       জীবনে প্রথম দ্যাখা ফুল,

কেন আমি ঘুরে ঘুরে নদীর স্রোতের মতো মুজিবের

                                       কথা বলি,

জানে ভাদ্রের ভরা চাঁদ, অঘ্রানের পাকা ধান্য।

সিঁড়িতে দেখেছি তার পড়ে থাকা দেহ যেন নিথর।

                                       নিস্পন্দ পড়ে আছে বাংলাদেশ।

তাই মধ্যরাতে যেমন ঘুমন্ত শিশু ডেকে ওঠে মাকে

আমিও তেমনি মুজিব মুজিব বলে কাঁদি, আর্তস্বরে

ডুকরে উঠি কোথায় মুজিব,

কেন কেউ তা জানে না, কিন্তু আমি নক্ষত্রের উদার আলোকে

অনন্ত আকাশে পাঠ করি মুজিবের নাম।

মুজিবসমগ্র

মহাদেব সাহা

প্রচ্ছদ  :ধ্রুব এষ

প্রকাশক :বিভাস

প্রকাশকাল :ফেব্রুয়ারি ২০২০

দাম :৫০০ টাকা