দাদার হাতি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩

দাদার ছিল জ্যান্ত হাতি, হাতির পিঠে চড়তেন
মস্ত বড়ো হাতির ওপর বসে বসে নড়তেন।

হাতির পিঠে চড়ে দাদা করতে গেলেন শিকার

অমনি হাতি উঠল রেগে, ধরলো তাকে বিকার।

 

নাদুস-নুদুস দাদা হলেন হাতির শুঁড়ে বন্দি
বলল হাতি—‘আমায় নিয়ে পশু ধরার ফন্দি?

পশু হয়ে আরেক পশুর করব কেন ক্ষতি?’
বোঝেন দাদা—খুব ভালো নয় হাতির মতিগতি।

 

ভুল হয়েছে, বলে দাদা, জোড় হাতে চান ক্ষমা
বলেন তিনি—‘অস্ত্রপাতি রাখছি আজই জমা।

আর যাব না করতে শিকার, দিচ্ছি পাকা কথা

ঘুরব না আর হাতি নিয়ে যথা এবং তথা।’

 

ছাড়া পেয়ে দাদা আমার দিলেন হাতি বেঁচে
কে আনে আর বিপদ ডেকে পয়সা দিয়ে যেচে?

জানেন কি কেউ সেই হাতিটা আছে এখন কার কাছে?
সেদিন থেকে ওই হাতিটা খেলা দেখায় সার্কাসে।