জয়ের ব্যাটেই রাজ্য জয়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

বর্তমান বাংলাদেশ যুব দলের সবচেয়ে অভিজ্ঞ ও সমৃদ্ধ দুই ব্যাটসম্যান হলেন তৌহিদ হূদয় ও মাহমুদুল হাসান জয়। দুই জনই এক হাজারের ওপর রান করেছেন যুব ওয়ানডেতে; হূদয়ের রান দেড় হাজারেরও বেশি। কিন্তু বিশ্বকাপ জুড়ে দুই জনই ছিলেন নিষ্প্রভ। গতকাল অবশেষে জ্বলে উঠলেন দুই জন। হূদয় ৪০ রান করে আউট হলেন। কিন্তু জয় সেঞ্চুরি করে তবে ক্ষান্ত দিলেন; খেললেন ঠিক ১০০ রানের ইনিংস। আর সেই জয়ের ব্যাটে ভর করেই অসামান্য এক বাধা পার করল বাংলাদেশ যুব দল।

দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। এই প্রথমবারের মতো যুব ক্রিকেটের সেরা এই মঞ্চে পৌঁছালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মুশফিক, সাকিব থেকে শুরু করে মিরাজ, শান্তরা কম চেষ্টা করেননি এই মঞ্চতে পৌঁছানোর। কিন্তু পূর্বসূরিদের আফসোস মিটিয়ে সেই কাজটি করে দেখাল আকবর আলীর দল।

বাংলাদেশকে জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা। ম্যাচের প্রথম অংশে বল হাতে অপ্রতিরোধ্য ছিলেন স্পিনার রকিবুল হাসান। প্রথম ৪ ওভারে ৩ মেডেন তুলে নিয়েছিলেন। ফলে নিউজিল্যান্ড রান তুলতে রীতিমতো ধুঁকছিল। ২৫.৪ ওভারে ৭৪ রান তুলতে ৪ উইকেট হারিয়েছিল তারা। শেষ দিকে অবশ্য নিউজিল্যান্ড এই বিপদ কিছুটা হলেও সামাল দেয়।

শেষ ১০ ওভারে ৭৪ রান তোলে নিউজিল্যান্ড। এই কৃতিত্ব মূলত হুইলার-গ্রেনালের। তিনি ৮৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। ৫টি চার ও দুটি ছক্কা মেরেছিলেন তিনি।

বাংলাদেশের শরিফুল ইসলাম ৪৫ রানে ৩টা এবং শামীম হোসেন ৩১ রানে ও হাসান মুরাদ ৩৪ রানে ২টি করে উইকেট নেন।  জবাব দিতে নেমে শুরুতেই ইনফর্ম তানজিদ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তিনি ৯ বলে ৩ রান করে ফেরেন। এরপর পারভেজ হোসেন ইমনও ১৪ রান করে ফিরে আসেন। আর এখান থেকে প্রথম পালটা আক্রমণ করেন জয় ও হূদয়। হূদয় ৪৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন। এরপর জয়ের সাথে এসে যোগ দেন দারুণ ফর্মে থাকা শাহাদাত হোসেন।

শেষ পর্যন্ত ১২৭ বলে ১০০ রানের ইনিংস খেলে আউট হন জয়। তার এই ইনিংসে ১৩টি ছিল চার। শাহাদাত ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন।