ধুঁকবে মেসিহীন বার্সা :গার্দিওলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

ক্রিশ্চিয়ানো রোনালদোকে এক মৌসুম আগে হারালেও রিয়াল মাদ্রিদ এখনো সে ক্ষত সারিয়ে উঠতে পারেনি। লিওনেল মেসিকে হারালে বার্সেলোনাও একই সমস্যায় পড়বে বলে মনে করছেন মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা। আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় ছোট্টবেলায় পা রেখেছিলেন মেসি। এরপর এখানেই কাটিয়েছেন ক্যারিয়ারের প্রায় বিশটি বছর। তবে সাম্প্রতিক সময়ে ক্লাবটির ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদালের সঙ্গে তার বিবাদ ক্লাবের সঙ্গেও সম্পর্ক অবনতির দিকে ইঙ্গিত করছে। বার্সা কর্তৃপক্ষ অবশ্য এমন কিছু এড়াতে গণসম্মুখে জানাচ্ছে, মেসির সঙ্গে সম্পর্ক ঠিকই আছে তাদের। আর কোচ কিকে সেতিয়েন তো জানিয়েই দিয়েছেন, আর্জেন্টাইন তারকা মাঠে আসছেন হাসিমুখেই!

ইংলিশ সংবাদ মাধ্যমে ঠিকই গুঞ্জন চাউর হয়েছে, ক্লাবের সঙ্গে মেসির বিবাদের সুফলটা নিতে উত্সুক সিটি। আসছে গ্রীষ্মকালীন দলবদলেই আর্জেন্টাইন অধিনায়ককে বিনামূল্যেই দলে নিতে চায় প্রিমিয়ার লিগ চ্যামিপয়নরা। তবে মেসি শেষমেশ সিটিতে পাড়ি জমান আর না জমান, অধিনায়ককে ছাড়া বড়ো সমস্যাতেই পড়বে বার্সেলোনা; অভিমত গার্দিওলার। রোনালদোর মাদ্রিদ ছাড়ার ব্যাপারটি তুলে ধরে তিনি বলেন, ‘এটা অনিবার্য, এই খেলোয়াড়গুলো বেশ গুরুত্বপূর্ণ। মেসি বার্সা ছাড়লে তারাও পুনরায় মানিয়ে নিতে সময় নেবে। এটা আটকানোর কোনো পথ নেই। এরা প্রতি মৌসুমে ৪০-৫০ গোল করতে পারে।’

খেলোয়াড় ও কোচ হিসেবে ন্যু ক্যাম্পে ২০টি বছর কাটিয়েছেন গার্দিওলা। কোচিং ক্যারিয়ারের চারটা বছর তো বার্সেলোনার ইতিহাসের সোনালি অংশই হয়ে গেছে। ২০০৮-০৯ মৌসুমে দলটিতে কোচ হিসেবে যোগ দেওয়ার পর থেকে ২০১১-১২ মৌসুম পর্যন্ত তিনটি লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৪টি শিরোপা জিতিয়েছিলেন দলটিকে। এমন সব অর্জনের মধ্যেও একটা জয় এখনো দাগ কেটে যায় গার্দিওলার মনে। ২০০৯ সালের মে-তে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় রিয়ালকে ৬-২ গোলের হার উপহার দিয়েছিল তার দল। সে স্মৃতি রোমন্থন করে গার্দিওলা বলেন, ‘যখন মানুষ জিজ্ঞেস করে কোচিং ক্যারিয়ারে কোন্ শিরোপাটা আমাকে বেশি রোমাঞ্চ উপহার দিয়েছিল আমি বলব বার্সার হয়ে প্রথম লিগটা।’

তিনি আরো যোগ করেন, ‘প্রথম যে লিগটা আমরা জিতেছিলাম, সেটা বার্নাব্যুতে জিতেছিলাম। তারা টানা ১২টা জয়ের পর ম্যাচটা ৬-২ ব্যবধানে হেরেছিল, এরপর টানা চার ম্যাচে হেরেছিল তারা। আমরা জানতাম, যদি ম্যাচটা আমরা হারতাম, তবে তাদের যে দল আছে তাতে কাজটা কঠিন হয়ে পড়ত। দিনটা দারুণ ছিল।’