মহেশপুরে বেপরোয়া ট্রাক্টর চলাচলে সড়ক বেহাল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

মহেশপুরে অতিরিক্ত মাটি নিয়ে ট্রাক্টরের বেপরোয়া চলাচলে রাস্তায় ক্রমাগত গর্তের সৃষ্টি হচ্ছে। প্রায়ই সড়কে ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিভর্তি অবৈধ ট্রাক্টর চলাচলের ফলে প্রতিনিয়ত রাস্তাগুলো ভেঙে গর্তের সৃষ্টি হচ্ছে। প্রভাবশালী ইটভাটা মালিকদের অবৈধ ট্রাক্টর চলাচলের ফলে কোটি কোটি টাকার রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে। এসব পিচঢালা রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় একটু বৃষ্টিতে রাস্তা প্যাচপ্যাচে কাদায় পরিণত হয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলার হুদোর মোড় হতে হাবাশপুর রাস্তায় প্রায়ই কাদা থাকে। কিছুদিন আগে নির্মিত পিচ রাস্তাটি দুইটি ইটভাটার ট্রাক্টর প্রায় নষ্ট করে ফেলেছে। পোড়াদা নামক স্থানে জনতা ব্রিক্সের গাড়িতে এলাকার সব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে। যাদবপুর করিম মোড়ের ইটের ভাটা, রামচন্দ্রপুর আমান ব্রিক্স, জলিলপুর র্যাডো ভাটা, খালিশপুর আজব ভাটা, ইউসুফ ভাটা, ভৈরবায় লতিফ ব্রিক্স, মহেশপুর ব্রিক্স, কুল্লা অবস্থিত কয়েকটি ইটভাটায় চলাচল করা অবৈধ ট্রাক্টর ঐসব এলাকার রাস্তা ভেঙে তছনছ করে দিচ্ছে।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রাক্টরগুলো চলাচল করে আসছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার অতিরিক্ত মাটিবহনকারী অবৈধ ট্রাক্টর চলাচলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।