চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। পার্কের বিস্তৃত সবুজ বনানী জুড়ে ঘুরতে এসে মুগ্ধ তারা।
চট্টগ্রাম থেকে আগত দর্শনার্থী সাকিবুল আলম বলেন, বনাঞ্চল জুড়ে পাখির বিচরণের দৃশ্য উপভোগ্য। পার্কে ক্যাবল-কারে চড়ার বাড়তি আনন্দ উপভোগ করেছি। পার্কে স্বপরিবারে বেড়াতে আসা দক্ষিণ চট্টগ্রামের ফরিদ আহমদ ও ফারজানা আহমেদ দম্পতি বলেন, সৌন্দর্যমণ্ডিত সবুজ পার্কে প্রাকৃতিক শোভায় প্রাণ জুড়িয়ে যায়। তবে পাখির বিচরণের আরো পরিবেশ প্রয়োজন। এতে আকর্ষণ আরো বাড়বে। রাঙ্গুনিয়া বন রেঞ্জের কোদালা বিটের দক্ষিণ নিশ্চিন্তাপুর মৌজার বনাঞ্চলে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক অবস্থিত। শহরের অদূরে নিশ্চিন্তাপুর সেগুনবাগানের কাছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশেই এই পার্ক। পার্কে শিক্ষা সফরে আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, আরো কয়েকটি কৃত্রিম লেক, পাখির খাঁচা এবং রক্ষণাবেক্ষণ ছাড়াও পার্কে অতিরিক্ত দুই কিলোমিটার রোপ ওয়ের সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
