গোপালগঞ্জে অদীতি বালা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রাম থেকে ঐ শিশুর লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অদীতি ঐ গ্রামের অমর বালার মেয়ে।
শিশুর মা লিমা বালা জানান, বিকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় সে। রাত ৮টার দিকে বাড়ির পাশে অরুণ রায় ও রাধা রায়ের ঘরের মাঝে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। খেলার সময় সে মাথা ঘুরে ঐ স্থানে পড়ে অজ্ঞান হয়ে যায় বলে খেলার সাথীরা তাকে জানিয়েছে বলে তিনি জানান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঐ শিশুর মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
