নগরীর রূপাতলী এলাকার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বালক শাখায় দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সকালে তদন্তকারী দলের প্রধান মো. শহিদুল ইসলাম জানান, বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) শাহপাড় পারভীনের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সম্প্রতি বালক শাখায় দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে সর্বত্র তোলপাড় শুরু হয়। এরপর জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সমাজ সেবার বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) শাহাপাড় পারভীন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শিশুদের শিকলে বেঁধে রাখাসহ নির্যাতনের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।
