এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে কাহালুতে মাদ্রাসা সভাপতির জেল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি আনছার আলীকে ১৫ দিনের বিনাশ্রম জেল দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর এ দণ্ডাদেশ প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আনছার আলী কাহালু উপজেলা মুরইল ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও মুরইল দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার কাহালু উপজেলা সদরের কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি ইংরেজি (প্রথম পত্র) পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে আনছার আলী বিনা অনুমতিতে ঐ কেন্দ্রে প্রবেশ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন।