সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে আলটিমেটাম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এসব দাবি জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালনের সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির সাংবাদিক রিয়াজ রায়হান। এ ঘটনায় গতকাল নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু বিবৃতিতে জানান, একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের, যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ক্রাব নেতারা।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাবো না।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, উল্লিখিত ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। শনিবারের (আজ) মধ্যে সুমনসহ সাংবাদিকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী শুভ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেত্রী রিতা নাহার, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।