পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অযত্নে রাখার অভিযোগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেতৃবৃন্দকে শোকজ করার বিষয়ে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির মহাসচিব জামাল উদ্দীন বাদশা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানানো হয়। শোকজ প্রাপ্তরা হলেন—বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন, কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন নাজমা পারভীন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে এমন আচরণে তারা মর্মাহত ও ক্ষুব্ধ। এছাড়া তাদের বিরুদ্ধে যে অভিযোগে শোকজ করা হয়েছে তা থেকে তাদের অব্যাহতি দেওয়ারও দাবি জানানো হয়।
এতে আরো উল্লেখ করা হয়, কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি করার পর গত ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধুর ছবি ও বাণীসংবলিত ক্রস ব্যানারটির উপপরিচালক (শিক্ষা) কক্ষ থেকে মহাপরিচালকের কক্ষে পুনরায় সংরক্ষণ করা হয়। অথচ গত ২৯ নভেম্বর নার্সিং পেশায় বিরাজমান সমস্যা ও সামাধানের বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে নেতৃবৃন্দের পূর্বনির্ধারিত সভার বরাত দিয়ে ঢালাওভাবে অভিযুক্ত করায় নার্সসমাজ হতাশ হয়েছে। এছাড়া এই শোকজের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল।
