দুই শতাধিক মুক্তিযোদ্ধার অবস্থান জামুকা অফিসে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২২

ভারতীয় তালিকাভুক্ত, লাল মুক্তিবার্তায় নাম অন্তর্ভুক্ত, বেসরকারি গেজেটভুক্ত ও ভাতাপ্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের অ-মুক্তিযোদ্ধা অভিহিত করে হয়রানি-হেনস্তা করার প্রতিবাদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দুই শতাধিক মুক্তিযোদ্ধা। গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধারা প্রায় ৩ ঘণ্টা ধরে অবস্থান নেন কাকরাইলের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অফিসের (জামুকায়) সামনে। এরপর মুক্তিযুদ্ধমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রতিবাদ জানান তারা।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে জামুকার অফিসে বৈঠক করেন সোনারগাঁও থেকে আগত মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সোনারগাঁও থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী চেয়ারম্যান।

 মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, ২০১৭ সালে ১৬৩ প্রকৃত মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা অভিহিত করে জামুকায় অভিযোগ পেশ করে চলেছে চিহ্নিত চাঁদাবাজ ও দালাল চক্র। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠিত ৭ সদস্যের কমিটি অভিযোগের ভিত্তিতে ১৬৩ জন মুক্তিযোদ্ধার তথ্য যাচাই-বাছাই করেন। পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটিতে সদস্য সচিব হিসেবে ছিলেন সোনারগাঁওয়ের ইউএনও শাহীনুর ইসলাম।

জানা যায়, যেসব মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এর আগে তাদের সশরীরে হাজির করিয়ে একাত্তরের রণাঙ্গনের বিভিন্ন প্রশ্নোত্তরপূর্বক মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কমিটি অভিযোগের সত্যতা না পেয়ে প্রতিবেদন তৈরি করে পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা), জেলা প্রশাসক ও ইউএনও অফিসে। যাচাই-বাছাইয়ের এসব কাগজপত্র অত্র কার্যালয়ে রক্ষিত আছে। কমিটির বাছাইয়ে প্রমাণিত হয়, যাদের অ-মুক্তিযোদ্ধা বলা হয়েছে, তারা ভারতীয় তালিকাভুক্ত, লাল মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত, বেসরকারি গেজেট ও ভাতাপ্রাপ্ত মুিক্তযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা। এখন আবার তাদের নামেই কখনো ১০ জন, আবার কখনো ৯ জন, আবার কখনো ১৫ জন করে জামুকা থেকে আবারও যাচাই বাছাইয়ের জন্য উপস্থিত হওয়ার নোটিশ ইস্যু করা হয় । এক শ্রেণির চাঁদাবাজ ও দালাল নোটিশ ইস্যু করিয়ে বিরাট অঙ্কের চাঁদা দাবি করছে। এরই প্রতিবাদ ও ক্ষোভ জানাতে এসেছিলেন দুই শতাধিক মুক্তিযোদ্ধা।