নারী পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

নারী পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ছয় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—মো. হানিফ, মো. মজিবুর রহমান ও মোছা. রাবেয়া। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম রোডে সমিরুন নেছা টাওয়ারের ১০ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছয় নারীকে উদ্ধার করা হয়।

র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় কুমার জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত্ এ পেশায় জড়িত। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকা হতে হতদরিদ্র নারীদের উন্নত জীবনযাত্রা ও উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে তাদের ঢাকায় এনে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরবর্তীতে তাদের সুবিধামতো সময়ে সাতক্ষীরা জেলার সীমান্ত হয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করে থাকে। গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।