নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলা তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ মিছিল বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য, উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে লম্পট পারভেজ নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। সমাবেশে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, কাউন্সিলর আনোয়ার হোসেন, রুহুল আমিন ফারাজী, সুলতানা পারভীন, আমজাদ হোসেন, আয়ুব আলী প্রমুখ।
