চলে গেলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৭

হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস (১০৩) মারা গেছেন। তিনি অভিনয় করেছেন ‘স্পার্টাকাস’, ‘টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি’, ‘চ্যাম্পিয়ন’র মতো আলোড়ন সৃষ্টিকারী ছবিতে। সিএনএনের খবরে বলা হয়েছে, কার্ক ডগলাসের ছেলে অভিনেতা মাইকেল ডগলাস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বুধবার ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কার্ক ডগলাস ১০৩ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন। বিশ্বের কাছে তিনি একজন কিংবদন্তি অভিনেতা। কিন্তু আমার এবং আমার ভাইয়ের কাছে তিনি একজন সাধারণ বাবা, ক্যাথেরিনের দারুণ একজন শ্বশুর এবং নাতি-নাতনিদের কাছে স্নেহময় দাদা, স্ত্রীর কাছে অসাধারণ স্বামী।

নিউ ইয়র্কে জন্ম নেওয়া কার্ক ডগলাস হলিউডের জনপ্রিয় অভিনেতাদের অন্যতম। কিন্ডারগার্টেনে পড়াকালে ‘দ্য রেড রবিন অব স্প্রিং’ আবৃত্তি করে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৯৪৬ সালে প্রথমবার অভিনয় করেন ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স’ ছবিতে। পরে নব্বইটিরও বেশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নায়ক হয়েছিলেন তিনি। ক্ল্যাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের প্রিয় অভিনেতা। ডগলাসকে শেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘এমপায়ার স্টেট বিল্ডিং মার্ডারস’ ছবিতে।

১৯৪৯ সালের ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রে বক্সারের চরিত্রের জন্য প্রথমবারসহ মোট তিনবার অস্কারের জন্য মনোনীত হলেও পুরস্কার পাননি তিনি। তার অভিনীত খ্যাতনামা পরিচালক স্ট্যানলি কুবরিকের স্পার্টাকাস চারটি অস্কার পেলেও তার ভাগ্যে জুটেনি। তবে ১৯৯৬ সালে চলচ্চিত্র শিল্পে ৫০ বছরের অবদানের জন্য তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়।

একবার তিনি বলেছিলেন, আমাকে ‘অভিনেতা’ হিসেবে সনদ দেওয়ার জন্য কোনো সমালোচকের দরকার নেই। নিজের পথ আমি নিজেই তৈরি করি। কেউ আমার বস নয়। তার মৃত্যুর মধ্য দিয়ে হলিউডের একটি যুগের অবসান হলো।