পাঁচ দিন পর মিলল সেই আশামনির লাশ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৭

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু আশামনির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কদমতলী স্কুল অ্যান্ড কলেজের সামনে খালের অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, দুপুর দেড়টার দিকে আশামনির লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি বিকালে কয়েকটি শিশুর সঙ্গে খেলার সময় খালের পানিতে তলিয়ে যায় আশামনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করেন। এরপর থেকে পেরিয়ে যায় পাঁচটি দিন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। অবশেষে বেলা দেড়টার দিকে খালের পানিতে শিশুটির লাশ পাওয়া যায়।

এরশাদ ও তানিয়া দম্পতির বড়ো মেয়ে আশামনি। তার বাবা মো. এরশাদের একটি মুদি দোকান রয়েছে। তিনি পরিবার নিয়ে কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় বসবাস করেন।